মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়ঃ মন্ত্রী সুশান্ত চৌধুরী

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঐতিহাসিক আগরতলা–ঢাকা–কলকাতা আন্তঃদেশীয় বাস পরিষেবা। মঙ্গলবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক পুনরারম্ভ করা হয়। কলকাতা থেকে ভায়া ঢাকা হয়ে আগত বাসটির যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়।” তিনি দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক আস্থার গুরুত্ব তুলে ধরেন।

তাঁর কথায়, শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি গড়ে ওঠে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার উপর। আগরতলা–ঢাকা–কলকাতা এবং কলকাতা–ঢাকা–আগরতলা রুটে বাস পরিষেবা পুনরায় চালু হওয়াকে তিনি দুই দেশের মৈত্রীর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, এই বাস পরিষেবা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে হৃদ্যতা, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক যোগাযোগের সেতুবন্ধন। তাঁর আশা, এই উদ্যোগ ভবিষ্যতে বাণিজ্য, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সমর রায়, সমাজসেবী শ্যামল কুমার দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সংশ্লিষ্ট মহলের মতে, আন্তঃদেশীয় এই বাস পরিষেবার পুনরারম্ভ কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বের নতুন বার্তা বহন করছে। মৈত্রীর এই বন্ধন অটুট থাকলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।