আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে জোরকদমে চলছে পোলিং পার্সোনেলদের প্রশিক্ষণ। শহরের শিলিগুড়ি গার্লস হাই স্কুল ও বয়েজ স্কুল দুই জায়গাতেই একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটকর্মীদের ইভিএম পরিচালনা, ভোটগ্রহণের পদ্ধতি সহ বিভিন্ন দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এই প্রশিক্ষণ চলাকালীনই সামনে এসেছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সম্প্রতি রানাঘাটে প্রশিক্ষণের সময় এক ভোটকর্মীকে মারধরের ঘটনার পর শিলিগুড়িতেও বাড়ছে উৎকণ্ঠা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী এক ভোটকর্মী বলেন, “রানাঘাটে যেভাবে একজন ভোটকর্মীর উপর হামলা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে।”
তিনি আরও জানান, ভোটের দিন প্রতিটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা অত্যন্ত জরুরি, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ও ভোটকর্মীরা নিরাপদে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন। এই ঘটনাকে ঘিরে নির্বাচন-পূর্ব আবহে নিরাপত্তা প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
