কলকাতার আরজি কর হাসপাতালে চরম অব্যবস্থার অভিযোগের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লিফটে আটকে পড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
মৃত ব্যক্তির নাম অরূপ ব্যানার্জি (৪০), বাড়ি নাগেরবাজার। জানা গিয়েছে, পা ভেঙে যাওয়ার কারণে গতকাল রাত প্রায় ৮টা নাগাদ তিনি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য তাকে ট্রমা অপারেশন বিল্ডিংয়ে পাঠান। পরিবার সূত্রে খবর, ভোররাত প্রায় ৪টা ৫ মিনিটে পুনরায় অপারেশনের জন্য স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে লিফটে করে পাঁচ তলায় উঠছিলেন অরূপ। সেই সময় আচমকাই লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় ও তারা আটকে পড়েন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে চার বছরের শিশুটি লিফটে আটকে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করা হয়।ছেলেকে বাঁচাতে গিয়েই বিপত্তি বাড়ে। অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে অরূপ ব্যানার্জি লিফটের ভিতরেই আটকে পড়ে যান ও টানতে টানতে তাকে চারতলার দিকে নিয়ে যায় লিফট।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে চার বছরের শিশুটি। বর্তমানে সে চিকিৎসাধীন। ঘটনার জেরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ও এর পেছনে কোনো গাফিলতি বা অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। একদিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ, অন্যদিকে অব্যবস্থার বলি এক নিরীহ পরিবারের সদস্য সবমিলিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।
