৩০০ বছরের ঐতিহ্যে গঙ্গাধরপুরে কুমির পুজো, ভক্তদের ঢল

হাওড়ার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুরে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল কুমির পুজো। প্রতি বছরের মতো এবারও জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে শুভ দিনক্ষণ নির্ধারণ করে গঙ্গাধরপুর ও গোণ্ডলপাড়া গ্রামের যৌথ উদ্যোগে বাবা ধর্মরাজের পুজোর পাশাপাশি এই বিরল লোকাচারের আয়োজন করা হয়।

লোকমুখে শোনা যায়, একসময় স্বয়ং দেবতা কুমিরের রূপ ধারণ করে এলাকার মানুষকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই অলৌকিক ঘটনার স্মৃতিকে কেন্দ্র করেই কুমির পুজোর প্রচলন হয়। দীর্ঘ তিন শতাব্দীরও বেশি সময় ধরে এই ঐতিহ্য আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন দুই গ্রামের বাসিন্দারা।

এদিন পুরোহিত ও সন্ন্যাসীদের উপস্থিতিতে প্রাচীন আচার-অনুষ্ঠান মেনে কুমিরের প্রতীকী পুজো সম্পন্ন হয়। পুজোর প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয় আতপ চাল, বেলপাতা এবং পাতা-সহ পেয়ারা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি এই পুজোকে ঘিরে দুই গ্রামেই উৎসবের আবহ তৈরি হয়।