মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৭ জুলাই শ্যাম স্টিল গ্রুপের ২-এমটিপিএ ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বাঁকুড়ার মেজিয়াতে এই প্রকল্পে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। কারখানাটিতে ডিআরআই ইউনিট, পিলেট ও বেনিফিসিয়েশন, স্টিল মেল্টিং শপ এবং টিএমটি বার ও স্ট্রাকচারাল স্টিলের উচ্চগতির রোলিং মিলের সুবিধা থাকবে। এর ফলে গ্রুপের ফিনিশড স্টিল উৎপাদন ক্ষমতা ১.৫ এমটিপিএ থেকে বেড়ে ৩.৫ এমটিপিএ-তে পৌঁছাবে।
ইস্পাত খাতের পাশাপাশি, ডিফেন্স, এভিয়েশন, রিয়েল এস্টেট, পেইন্টস ও ইনফ্রাস্ট্রাকচারের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে আরও ৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে গ্রুপটি। সব মিলিয়ে মোট ১৫,০০০ কোটি টাকার এই সমন্বিত বিনিয়োগের মাধ্যমে ২০,০০০-এরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং ১.২৫ লক্ষেরও বেশি পরিবার জীবিকার সুযোগ পাবে। ১৯৫৩ সালে বেরিওয়ালা পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিল্প গোষ্ঠীর বার্ষিক টার্নওভার বর্তমানে ১০,০০০ কোটি টাকারও বেশি।
গ্রুপের ডিরেক্টর ললিত বেরিওয়ালা বলেন, “আমাদের এই প্রস্তাবিত বিনিয়োগ কেবল আর্থিক অঙ্গীকার নয়, এটি ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘বিকশিত পশ্চিমবঙ্গ’-এর দূরদর্শী ভাবনার সঙ্গে যুক্ত একটি পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌-র দূরদর্শী নির্দেশনায় এবং রাজ্য সরকারের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের শিল্প বিপ্লব ও স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে পেরে গর্বিত।”
এই সম্প্রসারণের মাধ্যমে শ্যাম স্টিল গ্রুপ জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বিমানবন্দর, ওএনজিসি, রেলওয়ে এবং ডিফেন্সের মতো শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় ও পরিকাঠামো সংস্থাগুলোর উচ্চমানের ইস্পাতের বাড়িতে থাকা চাহিদা মেটাতে পারবে।