গঙ্গাসাগর যাওয়ার নতুন সেতুর শিল্যান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার গঙ্গাসাগর যাওয়ার জন্য নতুন সেতুর শিল্যান্যাস করে মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর সরকার মুখে বলে না। কাজে করে দেখায়। ১৭০০ কোটি টাকা খরচ করে চার লেনের সেতু তৈরি হওয়ার পরে গঙ্গাসাগরে যাওয়ার সমস্যা মিটবে। সে কথা মনে করিয়ে সরকারি কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘এবার সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।’’ এসআইআরের শুনানিতে হেনস্থার অভিযোগ করে বিজেপি-কে কটাক্ষ করেছেন তিনি।

এদিন গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পর মমতা জানান, এটি তৈরি হলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর কতে হবে না। আগামী দু’ থেকে তিন বছরের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে। চার লেনের অত্যাধুনিক সেতু তৈরিতে খরচ পড়বে ১,৭০০ কোটি টাকা। নির্মাণের বরাত দেওয়া হয়েছে এলএনটি সংস্থাকে। তাঁর কথায়, ‘‘একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের পর্যটকের জন্য, পুণ্যার্থীদের জন্য, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল-সহ সকলের জন্য গর্ববোধ করছি। আমরা মুখে বলি না। কাজে করি।’’ তিনি জানিয়েছেন, এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরের মানুষের ‘যন্ত্রণা’ কমবে। মমতা বলেন, ‘‘আগে বলা হত, সব সাগর বার বার গঙ্গাসাগর এক বার। এখন মানুষ বলেন, সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।’’ এই প্রসঙ্গে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের কথাও মনে করিয়ে দিয়েছেন। মমতা জানিয়েছেন, সাগরসঙ্গমে এসেই উপন্যাসের নায়ক নবকুমার হারিয়ে গিয়েছিলেন। এই সেতু নির্মাণ হলে ব্যবসা, বাণিজ্যের উন্নতি হবে বলেও আশাপ্রকাশ করেছেন মমতা।