বড় রকম ধাক্কা খেলো ব্যবসা

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে, যার সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়।

ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহণ প্রায় থমকে গেছে। এর ফলে মাছের আমদানি ও রপ্তানি কার্যত বন্ধ হয়ে পড়েছে, এবং ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত ক্ষতির অঙ্ক প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বহু মালবাহী জাহাজ মাঝপথে আটকে রয়েছে।

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, কলকাতার সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, জাহাজে হামলার আশঙ্কায় আমদানিকারক ও রপ্তানিকারকরা একযোগে অর্ডার বাতিল করতে বাধ্য হয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় ৭০ জন রপ্তানিকারক এবং মুম্বই ও গুজরাটের ১০০-রও বেশি ব্যবসায়ী মাছের আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ রেখেছেন।