রাজ্য সড়কের উপর জমে থাকা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে বিপজ্জনক রূপ নিয়েছে রাজ্য সড়কের কিছুটা অংশ। আর এই অংশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। মঙ্গলবার সকাল থেকে রাজ্য সড়কের এমনই বিপজ্জনক রূপের ছবি ধরা পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহো এবং ঋষিপুর অঞ্চলের মাঝামাঝিতে অবস্থিত বুড়িতলা এলাকায়।
যা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসীন্দা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তাদের বক্তব্য, এই এলাকা দিয়ে প্রচুর ট্রাক্টর চলাচল করে। জমি থেকে ফসল তুলে ট্রাক্টর আইহো-সিঙ্গাবাদ রাজ্য সড়কে ওঠামাত্রই ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা কাদামাটি রাজ্য সড়কে লেগে যায়। এরপর সেই মাটি দিনের পর দিন রাজ্য সড়কে পড়ে পড়ে পুরু আস্তরণ করেছে এবং বৃষ্টি হতেই মাটির পুরু আস্তরণ পিচ্ছিল কাদায় রূপান্তরিত হয়েছে।
সেই কারণেই, পিচ্ছিল কাদার উপর দিয়ে কোন যানবাহন চলাচল করলেই যানবাহনের চাকা পিছলে যাচ্ছে। এই কারণে সোমবার সকাল থেকে বেশ কয়েকটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। তাই বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। না হলে আগামীতে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
