পন্থের ওপর থেকে চাপ কমানোর ভাবনা বোর্ডের, কেড়ে নেওয়া হতে পারে টেস্টের সহ-অধিনায়ক পদ

আইপিএলে টানা দুই মরসুমে অধিনায়ক হিসেবে ব্যর্থতার খেসারত দিতে হতে পারে ঋষভ পন্থকে। কোটি কোটি টাকার চাপ এবং নেতৃত্বের বোঝা পন্থের স্বাভাবিক ব্যাটিংকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। লখনউ সুপার জায়ান্টসকে প্লে-অফে তুলতে না পারা এবং ব্যাটার হিসেবেও নিজের নামের প্রতি বিচার করতে না পারায়, এবার জাতীয় টেস্ট দলের সহ-অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।

আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দল নির্বাচনের জন্য মঙ্গলবার গুয়াহাটিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বোর্ড। যেখানে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচক অজিত আগরকর, বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া এবং প্রধান কোচ গৌতম গম্ভীর। বোর্ড সূত্রের খবর, ঋষভের ওপর থেকে অতিরিক্ত দায়িত্বের চাপ কমিয়ে তাঁর ব্যাটিং ফর্ম ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। গত বছর শুভমন গিলের অনুপস্থিতিতে গুয়াহাটি টেস্টে নেতৃত্ব দিয়ে ব্যর্থ হয়েছিলেন পন্থ। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে ভারত বড় ব্যবধানে হেরে যায়।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ঋষভের মতো ম্যাচ জেতানো আগ্রাসী ব্যাটারকে ভারতীয় দলের ভীষণ প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে, অধিনায়কত্ব বা অতিরিক্ত দায়িত্বের চাপ তাঁর ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই পন্থকে সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে মুক্ত মনে খেলার সুযোগ দিতে চায় বোর্ড। দলে লোকেশ রাহুল বা জসপ্রীত বুমরাহের মতো অভিজ্ঞ বিকল্প থাকায় শুভমন গিলের ডেপুটি বাছতে নির্বাচকদের বেগ পেতে হবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোচ গৌতম গম্ভীরের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।