মালদহ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী গোপালচন্দ্র সাহা বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রায় ৫০ হাজার ১২৮ ভোটে জয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই ৮ মাইল এলাকায় তাঁর বাসভবনে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা।
ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে গোটা এলাকায় বিজয় মিছিল বের করে সমর্থকরা জয়ের আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে, রাজ্যজুড়ে সম্ভাব্য অশান্তি এড়াতে বিজেপির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে – বিজয় মিছিলে কোনোরকম উস্কানি বা দখলদারি চলবে না। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, কোনো বিরোধী দলের কার্যালয় বা ইউনিয়ন অফিস দখল করা যাবে না।
এই নির্দেশ দলীয়ভাবে লিখিত আকারে বিভিন্ন নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে বড় জয়ের পর কিছু জায়গায় অশান্তির আশঙ্কা রয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রী ও রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে শান্তি বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “কেউ যদি নির্দেশ অমান্য করে, তার দায় ব্যক্তিগতভাবে নিতে হবে। দল তার দায়িত্ব নেবে না।”
রাজনৈতিক মহলের মতে, জয়ের আনন্দের মাঝেও সংযম বজায় রাখার এই বার্তা রাজ্যের পরিস্থিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
