ধামসা-মাদলের তালে মালদায় ‘পরিবর্তনের ডাক’ বিজেপির

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ শুরু। যদিও নির্বাচনের নিঘণ্ট এখনও ঠিক হয়নি, তবুও নির্বাচনী যুদ্ধে প্রথম সুর বাজিয়ে দিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু-এর স্ত্রী মঞ্জু মুর্মু।

বিজেপির ‘বাংলা পরিবর্তনের যাত্রা’ সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিগ্রেড সভায় অংশগ্রহণ করতে মালদা টাউন স্টেশনে হাজির হয়েছেন তিনি। ধামসা মাদল হাতে নাচতে নাচতে মঞ্চে নজর কেড়েছেন মঞ্জু মুর্মু।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মঞ্জু মুর্মু বলেন, “আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু থেকে শুরু করে সাংসদ খগেন মুর্মুকে যে ভাবে তৃণমূলের সুপ্রিমো অসম্মান করেছে। তা আদিবাসী জাতির অপমান। তাই নির্বাচনী যুদ্ধের ডঙ্কা মালদা থেকেই বাজিয়ে দেওয়া হল।“

কার্যত তিনি ‘বাংলা পরিবর্তনের সূচনা’ ঘোষণা করলেন, যা আগামী নির্বাচনী পরিস্থিতিতে মালদার রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।