জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল কলকাতার সিজেএম আদালত।
সাম্প্রতিক নির্বাচনী আবহে কিছু প্রশ্ন তুলেছিলেন গর্গ। রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? ভোট দেওয়ার আগে ভোটারদের ভিভিপ্যাট পরীক্ষা করে নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। এমনকি, নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রার অনুমতি না দেওয়ার অভিযোগও তুলেছিল তাঁর দল।
তদন্তকারীদের মতে, নির্বাচনী আবহে গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই নির্বাচন শেষ হওয়ার পর ১২ মে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির ১০ দিনের মাথায় জামিন পেলেন গর্গ।
