বন্ধন ব্যাংক ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। ব্যাংকের মোট ব্যবসা ১১%-এরও বেশি বৃদ্ধি পেয়ে ৩.২ লক্ষ কোটি টাকার ঘরে পৌঁছেছে। মোট আমানতের মধ্যে রিটেইল আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪%। ২০২৬-২৭ অর্থবর্ষে ব্যাংকের এই ব্যবসার বৃদ্ধি সম্ভব হয়েছে এর বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত কর্মদক্ষতা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিক প্রচেষ্টার কারণে। এই অর্থবছরের প্রথম কোয়ার্টারে ব্যাংকের অর্জিত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি টাকা। ব্যাংকটি এখন ভারতের ৩৬টির মধ্যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রায় ৬,৪০০টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। বন্ধন ব্যাংকে বর্তমানে ৭৪,৫০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন।
২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে, ব্যাংকের আমানতের পরিমানে ইয়ার অন ইয়ার ৭% বৃদ্ধি দেখা গিয়েছে এবং বর্তমান আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১.৬৫ লক্ষ কোটি টাকা। একই সময়ে ব্যাংকের মোট প্রদত্ত ঋণের (অ্যাডভান্স) পরিমাণ পৌঁছেছে ১.৫৬ লক্ষ কোটি টাকায়। সিএএসএ অনুপাত ২৯.৪%। আর্থিক স্থিতিশীলতার একটি মূল নির্দেশক, ব্যাংকের সিএআর ১৮.২%-এর শক্তিশালী স্তরে রয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেকটাই বেশি। ব্যাংকের এই পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “আমাদের ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের ফলাফল বন্ধন ব্যাংকের দৃঢ়তা, আমাদের টিমগুলোর প্রতিশ্রুতি এবং অংশীদারদের অব্যাহত বিশ্বাসের প্রতিফলন। এই ধারা বজায় রেখে, আমরা গ্রাহক-কেন্দ্রিক এবং ডিজিটাল-বান্ধব বৃদ্ধির দিকে নজর রাখছি।
আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করে, নতুন পণ্যের সমাহার বাড়িয়ে এবং ডেটা-চালিত তথ্যের সদ্ব্যবহার করে, আমরা গ্রাহক ও অংশীদারদের জন্য আরও বেশি মূল্য তৈরি করার পাশাপাশি এক টেকসই, ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যৎ-উপযোগী প্রবৃদ্ধি অর্জনে সুসংহত অবস্থানে রয়েছি।” ব্যাংকটি তার রিটেইল পোর্টফোলিও বাড়ানোর ওপর বিশেষ কৌশলগত গুরুত্ব দিয়ে সম্পদ ভিত্তিকে বহুমুখী করার দিকে মনোযোগ দিচ্ছে। সেই সঙ্গে কর্মদক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নত করা এবং গ্রাহক অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজিটাইজেশনের গতি বাড়ানো ব্যাংকের এখন অন্যতম অগ্রাধিকার।
