মন্ত্রীর তরফে সচেতন মূলক বার্তা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে মহিলাদের জন্য বড় উদ্যোগ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

প্রায় ২০০ জন মহিলার হাতে তুলে দিলেন বিশেষ ‘উপহার’। বার্নপুরের ত্রিবেণী মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় প্রায় ২০০ জন মহিলা স্কুটি ও বাইক চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেন তিনি। পথনিরাপত্তা সুনিশ্চিত করতে ও গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি আয়োজিত হয়।

এই কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী বলেন, পথ দুর্ঘটনা আটকাতে ও পথের নিরাপত্তা বজায় রাখতে শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল হয়ে বসে থাকলে হবে না। সচেতন নাগরিক হিসেবে সকলকে দায়িত্বশীল হতে হবে। অগ্নিমিত্রা আরও বলেন, “বর্তমানে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও সমানভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন মহিলারা। রোজকার নানা প্রয়োজনে তাঁরা স্কুটি অথবা বাইক ব্যবহার করছেন। তবে অনেক সময় উপযুক্ত হেলমেট ব্যবহার না করার কারণে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হয়।”