শিলিগুড়িতে এটিএম লুট: হরিয়ানা থেকে গ্রেপ্তার ৩, পুলিশের জালে মহম্মদ ইসরাইল, জাভেদ খান ও খুরশিদ

শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনায় অবশেষে তিন দুষ্কৃতীকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ইসরাইল, জাভেদ খান এবং খুরশিদ। তাদের জেরা করে এই চক্রের বাকি সদস্যদের এবং লুটের অর্থের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।

ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার শিলিগুড়িতে ঘটে এই দুঃসাহসিক চুরি। প্রধাননগর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে, চম্পাসারির ১ নম্বর রাস্তার মতো জনবসতিপূর্ণ এলাকায় মাত্র ১৩ মিনিটে লুটের ঘটনাটি ঘটায় দুষ্কৃতীরা। রাত ১টা ৪৪ মিনিট থেকে ১টা ৫৭ মিনিট পর্যন্ত ফিল্মি কায়দায় গ্যাস কাটার দিয়ে এটিএমের দুটি মেশিন কেটে দেয় তারা। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা বারবার ১০০ নম্বরে ফোন করেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ। আর এই সুযোগেই দুষ্কৃতীর দলটি পালিয়ে যায়।

এই ঘটনায় এটিএম কাউন্টারগুলোর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কারণ, যে এটিএমে লুট হয়েছে, সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল না এবং সিকিউরিটি অ্যালার্মও বাজেনি। পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমে অবশেষে এই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।