ট্রেনে করে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাঁকে অসুস্থ অবস্থায় আগরতলা রেলস্টেশন থেকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রপচার করতে হবে। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, হাসপাতালে ছুটে গেছেন, ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। ঘটনার খবর পেয়ে টিএমসিতে ছুটে গেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও।

শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে বর্তমানে টিএমসি হাসপাতাল থেকে তাঁকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাতেই তার অস্ত্রপচার হয়েছে। অস্ত্রপচারের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস, বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা, খবর পেয়ে বেসরকারি হাসপাতালে ছুটে আসলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যার আগরতলা থেকে ধর্মনগরগামী লোকাল ট্রেনে বিধায়ক বিশ্ববন্ধু সেন নিজ বাড়ি ধর্মনগর যাচ্ছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে হঠাৎই তিনি শৌচালয়ে গেলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অপারেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান অধ্যক্ষের অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। আগামী ৭২ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।