দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এর মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় সাফল্য সিবিআইয়ের।
শুভেন্দুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নৃশংসভাবে খুন করা হয় তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথকে। সেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইকে। এবার এই মামলায় অভিযুক্ত রাজ কুমার সিংকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সিবিআই এবং মুজফফরনগর পুলিশের যৌথ অভিযানে উত্তরপ্রদেশের মুজফফনগর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত রাজ কুমারকে।
হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। সেই সময় এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। এর আগেই বিশেষ তদন্তকারী দল এই মামলায় রাজ সিং, ময়ঙ্ক সহ ৩ জনকে গ্রেফতার করেছিল। তাঁদের জেরা করেই ধৃত রাজকুমার সিং এর নাম সামনে আসে বলে খবর সিবিআই সূত্রে।
