মেদিনীপুরে বিশেষ পরিষেবায় দুর্গাদর্শনের ব্যবস্থা

বাঙালির দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর মিলনের উৎসব। কিন্তু এই আলোর রোশনাই সবার জীবনে সমানভাবে পৌঁছায় না। অসুস্থতা, বার্ধক্য কিংবা শারীরিক অক্ষমতার কারণে বহু প্রবীণ মানুষ উৎসবের দিনগুলোতে ঘরের চার দেওয়ালেই বন্দি থাকেন।

সেই অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। মেদিনীপুর বিধায়ক সেবা কার্যালয়ে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়কের মা গীতারানি গুছাইত।

শারীরিক অসুস্থতা বা নিঃসঙ্গতা যেন কারও ঠাকুর দেখার পথে বাধা না হয়, সেই লক্ষ্যেই চতুর্থীর শুভ তিথি থেকে চালু হলো এই পরিষেবা। যাদের সন্তানরা কাজের সূত্রে দূরে থাকেন কিংবা যারা একা—তাদের নিরাপদে মণ্ডপে নিয়ে গিয়ে প্রতিমা দর্শনের ব্যবস্থা করবে বিধায়কের এই বিশেষ দল।