ফের শুটআউটে থমথমে ইংরেজবাজার। গুলিবিদ্ধ হলো আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া তৃণমূল কর্মী খুনের মামলার অন্যতম মূল সাক্ষী। সূত্রের খবর, এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র।
উল্লেখ্য, গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। ওই ঘটনায় মাইনুল – সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে।
অভিযোগ, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরাতে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় হামলার নিশানা হয়েছে। তাহলে কি এই শুটআউট আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা? উঠছে একাধিক প্রশ্ন।
ইতিমধ্যেই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আতিমুল মোমিনের উপর গুলি চালানো কি সংগঠিত অপরাধের অংশ, নাকি রাজনৈতিক ষড়যন্ত্র— সেই দিকেই নজর দিচ্ছে তদন্তকারীরা।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীরা অভিযোগ তুলেছে, শাসকদলের গোষ্ঠী কোন্দলই এর নেপথ্যে। শাসকদলের দাবি, আইনের পথে সবকিছুরই উত্তর মিলবে।
