শিলিগুড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীরাও যোগ দিলেন রাজ্যব্যাপী ধর্মঘটে

বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যাপী ধর্মঘটের সমর্থনে এবার পথে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও। শুক্রবার সকালে শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় আইসিডিএস (ICDS) অফিসের সামনে ‘ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। চাকরির সুনিশ্চিতকরণসহ একাধিক দাবিতে এদিন প্লেকার্ড হাতে সোচ্চার হন কর্মীরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথ মঞ্চের ধর্মঘটকে তাঁরা পূর্ণ সমর্থন জানাচ্ছেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের নিরাপত্তা এবং ন্যায্য পাওনার দাবিতেই আজকের এই অবস্থান। সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সম্পাদিকা মৌসুমী মৈত্র দাস এদিন অভিযোগ করেন যে, এই আন্দোলনে শামিল না হওয়ার জন্য ওপর মহল থেকে তাঁদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, ধর্মঘটে যোগ দিলে কাজ থেকে বঞ্চিত করা হতে পারে—এমন প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছে তাঁদের। মৌসুমী মৈত্র দাস বলেন, “আমাদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে যাতে আমরা ধর্মঘটে না নামি। এখন আমরা কাজ হারানোর ভয় পাচ্ছি। কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, তাই হকের দাবিতে আমরা পথে নেমেছি।” ধর্মঘটকে কেন্দ্র করে এদিন রবীন্দ্রনগর এলাকায় আইসিডিএস অফিসের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।