ভাইফোঁটায় মানবতার নজির, মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ

জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পালিত হল ভাইফোঁটা উৎসব। তবে শুধু ভাইফোঁটার শুভেচ্ছা ও আশীর্বাদ বিনিময় নয়, বোনেদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উপহার দিলেন ভাইয়েরা। এই উদ্যোগে ১০০ জন মহিলার হাতে তুলে দেওয়া হল ১০০টি সেলাই মেশিন, ৫০টি ভ্যান রিকশা এবং ২০০টি ছাগল। পাশাপাশি আরও ৪০ জন মহিলাকে ব্যবসা শুরু করার জন্য দেওয়া হল ১ হাজারটি শাড়ি, ১ হাজারটি ওড়না, ১ হাজারটি সায়া ও ১ হাজারটি নাইটি।

মূলত মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের নিজস্ব জীবিকা গড়ে তোলার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিভান অফ মার্সি (ইউকে)-এর চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম ইকবাল প্যাটেল, হাফেজ সালেহ, ট্রাস্টের সম্পাদক মাওলানা হাফিজুর রহমান পেয়াদা, সভাপতি ক্বারী আব্দুল গাফফার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন বিভিন্ন ধর্মের ভাই-বোনেরা পরস্পরের মধ্যে আশীর্বাদ ও শুভেচ্ছা বিনিময় করেন। বক্তারা সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা তুলে ধরেন। ভাইফোঁটার এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবনে একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি হল, অন্যদিকে বোনেদের হাতে জীবিকার উপকরণ তুলে দিয়ে নারী স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হল।