ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থেকে আপাতত রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।
অন্যদিকে উপকূলীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা সামান্য বেশি থাকবে। দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আগত প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পাঁচটি জেলায় এবং বৃহস্পতিবার ন’টি জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। আগামী ২ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে গরমের দাপট কিছুটা কমতে পারে।
