গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত কান্তিভিটা এলাকায় চিপস ফ্যাক্টরির কাছে অভিযান চালিয়ে একটি ১৪ চাকার ট্রাক আটক করল পুলিশ। আটক ট্রাকটির নম্বর WB-59C-9277।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটিতে অবৈধভাবে ৩১টি মোষ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর থেকে ৩১টি মোষ উদ্ধার করা হয়। চালকের কাছে পশু পরিবহণ সংক্রান্ত বৈধ কাগজপত্র, অনুমতিপত্র বা পরিবহণ শংসাপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।
এরপর পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে এবং ঘটনায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া মোষগুলিকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
