উত্তরবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে দার্জিলিং-সহ একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থানরত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে এবং নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার থেকেই লাল সতর্কতা কার্যকর রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহজুড়েই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় সমগ্র রাজ্যেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া পাহাড়ি ও জলাবদ্ধ এলাকায় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
