হাওড়া, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকা আরতি কটন মিলের শ্রমিকরা বৃহস্পতিবার হাওড়ার দাসনগরে বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। মিলের মাঠে আয়োজিত ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে আসার সময় তাঁকে ঘিরে ধরে বকেয়া বেতনের দাবিতে সরব হন শ্রমিকরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি।
শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে মিলের উৎপাদন বন্ধ এবং জানুয়ারি ছিল শেষবারের মতো বেতনপ্রাপ্তি। পুজোর মরসুমে বোনাস তো দূরের কথা, বকেয়া টাকাও না পাওয়ায় তাঁরা চরম সংকটে। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে মিলের মাঠে খেলাধুলার আয়োজনকে ‘অসংবেদনশীল’ বলে দাবি করেন মনোজ তিওয়ারি।
বিক্ষোভের জেরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে মনোজ ও শমীকের মধ্যে সংলাপ হয়। শমীক বলেন, “আমি সংসদে এই বিষয়টি তুলেছি। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে বাংলার কটন মিল পুনরুজ্জীবনের বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্র আধুনিকীকরণের জন্য প্রকল্প ও অর্থ দিতে প্রস্তুত, তবে রাজ্যকেও এগিয়ে আসতে হবে”।
তৃণমূলের দাবি, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও গ্রাচুইটি প্রদান করতে হবে, নইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। অন্যদিকে, বিজেপি সূত্রে জানানো হয়েছে, শমীক ভট্টাচার্য নিজে সংসদীয় কমিটির সদস্য হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং যৌথ উদ্যোগে সমাধানের পথ খোঁজা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার রাজনৈতিক আবহে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্প পুনরুজ্জীবনের প্রশ্নে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কার্যকর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।
