বোনফোঁটায় নারী মর্যাদার অঙ্গীকার জলপাইগুড়িতে

নারীর সম্মান, নিরাপত্তা ও সমানাধিকারের বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়িতে আয়োজন করা হল ব্যতিক্রমী ‘বোনফোঁটা’ অনুষ্ঠান। ভাইফোঁটার প্রচলিত রীতির বাইরে গিয়ে এখানে বোনের কপালে ফোঁটা দিলেন ভাইয়েরা। নারীকে সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার ভাবনা থেকেই এই বিশেষ উদ্যোগ।

ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। বর্ষীয়ান অশোক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কলেজপড়ুয়া তরুণ-তরুণী—প্রায় ৩০০ মানুষের উপস্থিতিতে উৎসবের আবহে জমে ওঠে অনুষ্ঠান। কোথাও দলবেঁধে, কোথাও আবার এককভাবে ভাইয়েরা স্নেহ ও যত্নের সঙ্গে বোনদের কপালে ফোঁটা দেন। চলে মিষ্টিমুখ ও আদর-আপ্যায়ন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বোনফোঁটা’ উপলক্ষে রচিত বিশেষ গান। গানের কথায় উঠে আসে নারীর নিরাপত্তা, আত্মমর্যাদা, অধিকার এবং সমস্ত বাধা অতিক্রম করে নিজের অধিকারে প্রতিষ্ঠিত হওয়ার বার্তা। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ আগামী দিনে শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং নারী সম্মান ও অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর সামাজিক আন্দোলনের রূপ নেবে।

উল্লেখ্য, ২০২৪ সালে জলপাইগুড়িতে প্রথম এই উদ্যোগের সূচনা হয়। ২০২৫ সালে জলপাইগুড়ির পাশাপাশি কলকাতাতেও আয়োজন করা হয়েছিল বোনফোঁটা। আর এ বছর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, চুঁচুড়া, চন্দননগর ও বারাসত-সহ বিভিন্ন জায়গায় স্টুডেন্টস হেলথ হোমের একাধিক কেন্দ্রে উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে এই অনুষ্ঠান।

ভাই-বোনের সম্পর্কের চেনা আবেগকে হাতিয়ার করে নারীর সম্মান, নিরাপত্তা ও সমানাধিকারের বার্তা ছড়িয়ে দেওয়াই ‘বোনফোঁটা’র মূল ভাবনা। সামাজিক সম্প্রীতি ও সচেতনতার এই অভিনব উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।