রাম মন্দিরের বর্ষপূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, রামলালার পুজোয় ভক্তসমাগম

রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে গঙ্গারামপুর শহরে ধর্মীয় আবহে পালিত হল বিশেষ অনুষ্ঠান। এই উপলক্ষে গঙ্গারামপুর কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে রাম বিগ্রহের পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এদিন কালিতলা এলাকা থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক শত বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

রামধ্বনি ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গঙ্গারামপুর শহর। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, অশোক বর্ধন, সনাতন কর্মকার-সহ বিজেপির একাধিক নেতৃত্ব। তাঁরা রাম মন্দিরের গুরুত্ব ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

শোভাযাত্রা শেষে কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে যথাযথ আচার-অনুষ্ঠান ও পূজাবিধির মাধ্যমে রামলালার পুজো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।