মুহূর্তের অসতর্কতাই যে কত বড় বিপদের কারণ হতে পারে, তারই এক ভয়াবহ ছবি ধরা পড়ল শিলিগুড়িতে।
আশ্রমপাড়ার রামকৃষ্ণ ব্যায়ামাগার সংলগ্ন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও, এক মায়ের দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতায় রক্ষা পেল বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু।
ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ ও তাঁর সন্তান। দৈনন্দিন কাজ সেরে পুজোর বসার পর হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তিনি বুঝতে পারেন বাড়ির বিদ্যুৎ সংযোগে বড়সড় ত্রুটি রয়েছে।
সেই সন্দেহ সত্যি প্রমাণিত হয় কিছুক্ষণের মধ্যেই, যখন ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তিনি।
ঠিক সেই সময় ঘরের মধ্যেই টিভি দেখছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি। চারপাশে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লেও মায়ের তৎপরতায় দ্রুত তাকে বাইরে বের করে আনা সম্ভব হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় শিশুটি। এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা।
খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে বাড়ির আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
