বিতর্কের জেরে দায়ের হলো মামলা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ফের নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপর ২০২০ সালের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অন্যদিকে সরকারি জমির মাটি ও গাছ বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই দুই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। ডায়মন্ড হারবার থানায় অভিজিৎ দাস ওরফে ববি নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, ২০২০ সালের ৬ অক্টোবর ডায়মন্ড হারবার যাওয়ার পথে শমীক ভট্টাচার্য ও তাঁর সঙ্গীদের উপর পরিকল্পিত হামলা হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, সেই হামলার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল। ববির অভিযোগপত্রে অভিষেক ছাড়াও জাহাঙ্গির খান, সুমিত রায়, গৌতম অধিকারী, শামিম আহমেদ-সহ মোট ৭৮ জনের নাম রয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনাটি স্রোতেরপোল এলাকায় ঘটেছিল। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।