মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালীন কাওয়াখালি বিশ্ববাংলা গেটের সামনে একটি স্কুটি আটক করা হয়।
স্কুটিতে স্বামী-স্ত্রী দু’জন আরোহী ছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় স্কুটির ডিকির ভিতর থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম এমডি জাহাঙ্গির ও সাবো বেগম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বিহারের কিশানগঞ্জ থেকে এই মাদক শিলিগুড়িতে এনে বিক্রির উদ্দেশ্যে এসেছিল।
এছাড়াও পুলিশ সূত্রে দাবি, ধৃতরা এর আগেও একাধিক অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল ও পূর্বেও গ্রেফতার হয়েছে। এই মাদক চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
