উত্তরকন্যার সামনে সোমবার এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। একটি মালবাহী লরির ধাক্কায় বাইকে থাকা এক ব্যক্তি ও এক মহিলা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত দু’জন একটি মোটরবাইকে করে শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন। উত্তরকন্যা ট্রাফিক পয়েন্টে সিগন্যাল লাল থাকায় বাইকটি দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক আরোহী দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও পুলিশ যৌথভাবে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তবে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। উত্তেজিত জনতার একাংশ অভিযুক্ত মালবাহী লরিতে সামান্য ভাঙচুর চালায়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের আধিকারিকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত লরি ও তার চালককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এদিনই উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক উপলক্ষ্যে গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই এমন দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
