বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি ভেবে ওড়িশার কটক জেলার মাহাঙ্গা থানা এলাকার পুলিস ১৯ জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। আটক শ্রমিকরা সকলেই মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ অঞ্চলের তালগাছি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পুলিস হঠাৎই শ্রমিকদের বাসায় পৌঁছে আধার কার্ড ও ভোটার কার্ড দেখতে চান। পরদিন, বুধবার সকালে ১৯ জন শ্রমিককে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাদের কাছ থেকে মোবাইল ফোন, পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় ও থানায় হেনস্থা করা হয়।
আটক হওয়া শ্রমিকদের পরিবার সূত্রে খবর, ঘটনার খবর পেয়েই পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। কুরবানির ঈদের পর তালগাছি এলাকা থেকে প্রায় ৫০ জন পরিযায়ী শ্রমিক ওড়িশায় যান। তাঁদের মধ্যে অনেকেই ১০-১৫ বছর ধরে স্থানীয়ভাবে বসবাস করছেন ও পেশাগতভাবে ফেরি করে কাপড় ও প্লাস্টিক সামগ্রী বিক্রি করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাহাঙ্গা থানা এলাকায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রায় ২০০-র বেশি শ্রমিক রয়েছেন। এ ঘটনার পর, বাকি শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু শ্রমিক বাড়ির পথে রওনা দিয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানান। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন আটক শ্রমিকদের পরিবারকে সহযোগিতা করছেন ও শ্রমিকদের সমস্ত পরিচয়পত্র ও নথিপত্র সংগ্রহ করে ওড়িশা প্রশাসনের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন।
স্থানীয় মানুষের অভিযোগ, বিজেপি শাসিত ওড়িশায় বাংলা ভাষাভাষীদের প্রতি পক্ষপাতমূলক মনোভাব ও নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। শ্রমিকদের পরিবারের দাবি, দ্রুত তাদের মুক্তি ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুক প্রশাসন।
