এনজেপি স্টেশন থেকে ১৭কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই মহিলা

ভিনরাজ্য থেকে ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপি SOG ও এনজেপি-র সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেস থেকে উদ্ধার হল প্রায় ১৭কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম ফুলমালা দেববর্মা অফমানু (প্রায় ২০) ও রিয়া দেববর্মা (প্রায় ২৬)।

দু’জনেই ত্রিপুরার বাসিন্দা।সোমবার গোপন সূত্রে খবর আসে,ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসে গাঁজা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনের AC B2 কামরায় তল্লাশি চালান জিআরপি SOG ও এনজেপি পুলিশের আধিকারিকরা। তল্লাশির সময় দুই মহিলাকে আটক করে তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ ও একটি পিঠ ব্যাগে তল্লাশি চালানো হয়।সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ১৭কেজি গাঁজা।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ধৃতদের মঙ্গলবার রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গাঁজা পাচার চক্রের সঙ্গে তাঁদের আরও কোনও যোগ রয়েছে কি না,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।