১০০ দিনের কাজের বকেয়া টাকা দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কলকাতা হাইকোর্ট এই প্রকল্প চালুর নির্দেশ দেওয়ার পর বুধবার নবান্নে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, আদালতের নির্দেশ পর্যালোচনা (review) করা হবে, তবে তার আগে কেন্দ্রের কাছে বকেয়া টাকা ফেরত চেয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা।” তিনি আরও উল্লেখ করেন, “শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার নিজে থেকে দিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে।” আদালতের অগাস্ট থেকে কাজ শুরুর নির্দেশ প্রসঙ্গে মমতা বলেন, “চার বছর ধরে কাজ হল না, কোনো টাকা দেওয়া হল না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। টাকা আমরা সরকার থেকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে।” যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে বলেও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ (MGNREGA) নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, রাজ্যে বন্ধ থাকা এই প্রকল্প ১ অগাস্ট থেকে চালু করতে হবে। প্রায় তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ থাকার প্রেক্ষাপটে আদালত জানিয়েছে, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে কাজ বন্ধ করে রাখা যাবে না।
