প্রেমের ফাঁদে ফেলে পাচারের চেষ্টার অভিযোগে আটক যুবক

প্রেমের সম্পর্কের ছলে এক মহিলাকে কেরালায় পাচারের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) বাস টার্মিনাস এলাকায়। অভিযুক্ত যুবকের নাম এজাউল হক। তাকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে, বামনহাটের বাসিন্দা বছর ২৪-এর এক বিবাহিতা মহিলা, যার শ্বশুরবাড়ি মাথাভাঙ্গায়, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এজাউলের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেরালায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। মহিলাও প্রথমে রাজি হয়ে যান।

তবে এই পরিকল্পনার কথা জানতে পারেন মহিলার বৌদি। সন্দেহ হওয়ায় সেই মহিলার মোবাইল ফোন নিজের কাছে রেখে দেন ও সতর্কভাবে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে। যুবক যখন নির্ধারিত সময়ে বাস টার্মিনাসে মহিলাকে আসতে বলেন, তখন বৌদি ও মহিলার দাদা সেখানে উপস্থিত হয়।

বাস টার্মিনাসে ওই দু’জনকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এজাউল হক। তবে স্থানীয়দের সহায়তায় তাকে ধরে ফেলা হয় ও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার পেছনে পাচারের কোনও চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।