বড়দিনের পর শীতের দাপট বাড়বে, তাপমাত্রা নামবে আরও

শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশার দাপট। ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপাকে পড়ছেন পথচারী ও যানবাহন চালকেরা। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে দুর্ঘটনার খবর সামনে এসেছে, যা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ সমগ্র রাজ্যেই কুয়াশার প্রভাব বজায় থাকবে।

বিশেষ করে বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের পাশাপাশি কলকাতা- সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বর বড়দিনের পর থেকেই শীত আরও জাঁকিয়ে বসবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গেও বাড়বে শীতের তীব্রতা। ফলে উৎসবের আনন্দের মাঝেই বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

তাপমাত্রার হিসেব বলছে, কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তা নেমে যেতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।