কোন দিকে গড়াবে আইনি লড়াই

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন তিনি। এবার সেই বিতর্ক আরও তীব্র হল। তৃণমূলের ১৫ জনের প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের দপ্তরে সময় দেওয়া হয়েছে।

তবে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা SIR-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই এই মামলা করা হয়েছে।