ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হোয়াটস্যাপে বিজনেস এআই

ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের গ্রাহক পরিষেবা আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপ আজ ‘বিজনেস এআই’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। ভারতের সমস্ত আঞ্চলিক ভাষায় উপলব্ধ এই এআই ফিচারটি ব্যবসায়ীদের ২৪/৭ গ্রাহক সহায়তা প্রদান, লিড সংগ্রহ এবং সরাসরি বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করবে।

এক্ষেত্রে ব্যবসায়ীরা উপস্থিত না থাকলেও এআই এজেন্ট গ্রাহকদের প্রশ্নের উত্তর দেবে। কোনও কোডিং বা জটিল সফটওয়্যার ছাড়াই ব্যবসার তথ্য ও ক্যাটালগ আপলোড করে এটি চালু করা সম্ভব। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যেই সরাসরি পেমেন্ট নেওয়ার সুবিধা যুক্ত হবে। জটিল প্রশ্নের ক্ষেত্রে ব্যবসার মালিক যেকোনও সময় এআই-এর থেকে চ্যাটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন। মেটা ইন্ডিয়ার ডিরেক্টর রবি গার্গ জানান, “সীমিত সংস্থান দিয়ে বিপুল সংখ্যক গ্রাহক সামলানো ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বড় চ্যালেঞ্জ। বিজনেস এআই এই বাধা দূর করে তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে।”

ইতিমধ্যেই ‘সয়েল কনসেপ্ট’ এবং ‘দ্য পার্পল সানসেট’-এর মতো ব্র্যান্ডগুলো এই প্রযুক্তি ব্যবহার করে তাদের রূপান্তর হার এবং বিক্রয় প্রায় ৪০-৯০% পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে। যোগ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ‘টুলস’ ট্যাব থেকে এই পরিষেবা চালু করতে পারবেন।