উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের রিটেইল গ্রাহকদের জন্য আরও উন্নত ও নিরাপদ ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা নিশ্চিত করতে ‘উজ্জীবন ইজি’ প্ল্যাটফর্মের সূচনা করেছে। ব্যাংকের ডিজিটাল-ফার্স্ট কৌশলের অংশ হিসেবে এই নতুন মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, যা একইসাথে স্মার্ট, সহজ এবং পারসোনালাইজড অভিজ্ঞতা দেবে। এই প্ল্যাটফর্মটিতে ইংরেজি, হিন্দি, বাংলা সহ মোট ৯টি ভাষায় পরিষেবা পাওয়া যাবে। নতুন এই ডিজিটাল ইকোসিস্টেমে ২০০টিরও বেশি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে ৯০টিরও বেশি একেবারেই নতুন। মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এই প্ল্যাটফর্মটি অত্যন্ত দ্রুত এবং নিরাপদ, যা গ্রাহকদের সঞ্চয়, পেমেন্ট, ঋণ এবং বিনিয়োগের মতো দৈনন্দিন ব্যাঙ্কিং কাজগুলোকে আরও সহজ করে তুলবে।
‘ইজি’ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ফান্ড ট্রান্সফার, ফিক্সড ও রেকারিং ডিপোজিট এবং বিল পেমেন্টের পাশাপাশি ডেবিট কার্ড পরিচালনা, জিএসটি পেমেন্ট এবং ডিম্যাট বা এনপিএস-এর মতো বিনিয়োগ পরিষেবাগুলো এক জায়গাতেই পাবেন। এছাড়াও এতে স্মার্ট স্টেটমেন্ট ও লোনের মতো আধুনিক ডিজিটাল সুবিধা যুক্ত করা হয়েছে। সকল ভৌগোলিক অবস্থান এবং বয়সের গ্রাহকদের কথা মাথায় রেখে এটি অত্যন্ত সহজভাবে ডিজাইন করা হয়েছে। গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে এতে ‘অ্যাপ-প্রটেক্ট’ নামক একটি উন্নত সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যা জালিয়াতি এবং সাইবার ঝুঁকি থেকে অ্যাকাউন্টকে রক্ষা করবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন প্রধান দীপক আগরওয়াল জানান যে, ‘ইজি’ চালুর মাধ্যমে ব্যাংক এখন একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার দিকে পা বাড়ালো। এটি ব্যাংকের উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের আস্থা ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে আরও সুদৃঢ় করবে। বর্তমানে ব্যাঙ্কের মোট লেনদেনের ৯৫ শতাংশেরও বেশি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যা তাদের ডিজিটাল ইকোসিস্টেমের ওপর গ্রাহকদের গভীর আস্থা ও নির্ভরতার প্রমাণ দেয়।
