পুলিশের উর্দি পরে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক, ঘটনা পোলবায়

পুলিশের পোশাকে তোলাবাজির অভিযোগে হুগলির পোলবা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে দিল্লি রোডের পাশে সুগন্ধা এলাকার একটি কারখানা থেকে তাদের হাতেনাতে ধরে পোলবা থানার পুলিশ।

ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা (২৮), যিনি বলাগড়ের বাসিন্দা, এবং প্রতাপ ঘোষ (৩৬), যার বাড়ি তালান্ডুর মালিপাড়ায়। পুলিশের ডিএসপি, ডি এন্ড টি প্রিয়ব্রত বক্সি বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে একটি কারখানার মালিকের কাছ থেকে টাকা চাইছিল। গোপন সূত্রে খবর পেয়ে পোলবা থানার পুলিশ সেখানে পৌঁছে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে পুলিশের পোশাক, পিস্তলের খাপ, দুটি মোবাইল ফোন এবং একটি গুলির ব্যাগ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ভুয়ো পুলিশ সেজে তোলাবাজি করত। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ আশা করছে, রিমান্ডে নিয়ে জেরা করে তাদের অন্যান্য অপরাধ এবং সহযোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।