টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় মোবাইল পরিষেবার মান যাচাই করে স্বাধীন ড্রাইভ টেস্ট -এর রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৬ সালের ১৩ থেকে ১৬ই মে পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। এতে এয়ারটেল, বিএসএনএল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া (Vi)-র ভয়েস ও ডেটা পরিষেবার মান পরীক্ষা করা হয়। ট্রাই-এর কলকাতা আঞ্চলিক দপ্তরের তত্ত্বাবধানে ২৪৪.২ কিলোমিটার শহরাঞ্চলের রাস্তা, ৯টি হটস্পট এবং ১.৬ কিলোমিটার ওয়াক-টেস্ট এলাকায় সমীক্ষা চালানো হয়। নেটওয়ার্ক কভারেজ, কল সংযোগের সাফল্য, কল ড্রপ, ডাউনলোড ও আপলোড গতি, লেটেন্সি এবং প্যাকেট লসের মতো বিভিন্ন সূচক মূল্যায়ন করা হয়।
রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল সর্বোচ্চ ৮৮.৬৭ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড পেয়েছে। এরপর রয়েছে জিও ৪৬.১১ এমবিপিএস ভোডাফোন আইডিয়া ৩৫.১৯ এমবিপিএস এবং বিএসএনএল ১০.৬৪ এমবিপিএস। আপলোড স্পিডেও এয়ারটেল শীর্ষে, যার গড় ১৭.৩২ এমবিপিএস। ভয়েস কল পরীক্ষায় এয়ারটেলের ২২১টি সফল কলের মধ্যে ৯টি, বিএসএনএলের ১৭৬টির মধ্যে ২২টি, জিওর ২৫৪টির মধ্যে ২টি এবং ভোডাফোন আইডিয়ার ১৪৮টির মধ্যে ২৪টি কল ড্রপ হয়েছে। এই সমীক্ষায় বেলোনিয়া, শান্তিরবাজার, জোলাইবাড়ি, সবরুম, মনু বাজার, রাজনগর, বাইখোড়া, গারধাং ও মাতাই-সহ বিভিন্ন এলাকা এবং জেলা হাসপাতাল, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও সবরুম রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ হটস্পট অন্তর্ভুক্ত ছিল।
ট্রাই জানিয়েছে, এই রিপোর্ট পরীক্ষার সময় ও নির্দিষ্ট এলাকার নেটওয়ার্ক পরিস্থিতির ভিত্তিতে তৈরি। প্রয়োজনীয় উন্নয়নের জন্য রিপোর্টটি সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলির কাছেও পাঠানো হয়েছে। সংস্থার মতে, এই রিপোর্ট ত্রিপুরায় টেলিকম পরিষেবার মান উন্নয়নে সহায়ক হবে। উন্নত মোবাইল সংযোগ ডিজিটাল ব্যাংকিং, ই-গভর্ন্যান্স, অনলাইন শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং ব্যবসায়িক কাজকে আরও শক্তিশালী করবে।
