আলিপুরদুয়ারের কালচিনি থানা নারী ও শিশু পাচারসহ অন্যান্য অপরাধ দমনে টোটো চালকদের যুক্ত করে এক নতুন উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রায় ২৫০ জন টোটো চালক, স্বেচ্ছাসেবী সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং স্কুল পড়ুয়াদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কালচিনি থানার ওসি অমিত শর্মা সভায় তাঁর ফোন নম্বর বিতরণ করেন।
পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, অপরাধীরা বর্তমানে অপরাধ সংগঠনে টোটো ব্যবহার করছে। যাত্রীদের সন্দেহজনক কথোপকথন শোনার সুযোগ থাকায় টোটো চালকরা পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন। এতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। টোটো চালকদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল পড়ুয়ারাও এই প্রক্রিয়ায় যুক্ত হলে অপরাধ দমন সহজ হবে বলে মনে করছে পুলিশ।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবমশী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সমাজে নিয়ন্ত্রণ বাড়াতে এবং পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।
