ভোটের আগে দার্জিলিংয়ে কড়া নিরাপত্তা, ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে, আরও বাহিনী আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
আন্তর্জাতিক সীমান্ত—ইন্দো-নেপাল ও ইন্দো-বাংলাদেশ—সহ পশ্চিমবঙ্গ -বিহার এবং পশ্চিমবঙ্গ-সিকিম সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন মিলিতভাবে ‘স্পর্শকাতর’ ও ‘ক্রিটিক্যাল বুথ’গুলিতে বিশেষ নজর দিচ্ছে।
জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ১১.৪৮ লক্ষ। এর জন্য ১৪৬৫টি বুথ এবং ৫২টি সহায়ক কেন্দ্র তৈরি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং জেলায় রয়েছে প্রায় ২ লক্ষ ভোটার এবং ২৯৩টি ভোটকেন্দ্র। পাহাড়ি এলাকার ভৌগলিক চ্যালেঞ্জ মাথায় রেখে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। দার্জিলিঙের শ্রীখোলা এলাকায় একটি দুর্গম বুথ রয়েছে, যেখানে ভোটকর্মীরা ভোটের দু’দিন আগে রওনা দেবেন।
নিরাপত্তা জোরদার করতে পুলিশ অবজার্ভার ও এক্সপেন্ডিচার অবজার্ভার নিয়োগ করা হয়েছে। ১৯৩টি ‘ক্রিটিক্যাল বুথ’-এ বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়া, মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে কিছু এলাকায় ‘শ্যাডো জোন’ তৈরি হয়েছে, যেখানে ওয়েবকাস্টিংয়ের বদলে ভিডিও রেকর্ডিং, স্যাটেলাইট ফোন ও আরটি সেট ব্যবহার করা হবে।
জেলার বিভিন্ন জায়গায় নাকাতল্লাশি চলছে এবং কুইক রেসপন্স টিম ও মোবাইল টহলদারি চালু রয়েছে। প্রশাসন জানিয়েছে, কেউ ৫০ হাজার টাকার বেশি নগদ বহন করতে পারবেন না।
এছাড়া, আগের মতোই মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’ রাখা হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।