বারংবার উঠেছে অভিযোগ, দায়ের হয়েছে মামলা। এবার তাই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে করা একাধিক মামলার জবাব দিতে কেন্দ্রকে ছয় সপ্তাহ সময়সীমা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি. আর. গাভাই এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দেয়।
প্রসঙ্গত, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হিসেবে ভাগ করা হয়েছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি নিয়ে আদালতে মামলা চলছে।
এই মামলাগুলির মধ্যে ছিলেন শিক্ষাবিদ জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী আহমেদ মালিক। তাঁদের দাবি, জম্মু ও কাশ্মীরকে যত দ্রুত সম্ভব রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে এবং কেন্দ্রকে সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়।
