একাধিক অমিল রয়েছে ভোটার তালিকায়

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটার তালিকা নিয়ে বড় চাঞ্চল্য। ২০০২ সালের ভোটার তালিকা আর ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে।

দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে রাজ্যের প্রায় সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে- উত্তর ২৪ পরগনায় মিল মাত্র ৪১ শতাংশ, কোচবিহারে ৪৬ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৫০ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৪০ শতাংশেরও কম মিল রয়েছে।

অর্থাৎ, এই জেলাগুলিতে ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নাম ২০০২ সালের তালিকায় ছিল না। তবে কালিম্পংয়ে মিল কিছুটা বেশি, প্রায় ৬০ শতাংশ। এই অমিল সামনে আসতেই প্রশ্ন উঠেছে যে, এত নতুন ভোটার এল কোথা থেকে? সীমান্তে অনুপ্রবেশ বেড়েছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, ম্যাপিং রিপোর্ট খতিয়ে দেখেই রাজ্যভিত্তিক সমীক্ষা শুরু হতে পারে।