জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, আদালতে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সমস্ত কর্মীকে রাজ্য সরকারের জারি করা নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। চুক্তিভিত্তিক কর্মীদের মামলা হাইকোর্টে ওঠে।
সেখানেই বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ সাফ নির্দেশ দিল, সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনও বৈষম্য নয়। এর আগে হাইকোর্টের একক বেঞ্চও একই রায় দিয়েছিল। সেই রায়ই এদিন বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আদালতের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ বিবেচনা করে আলাদা বেতন দেওয়া এক প্রকার অন্যায়। এহেন কাজ সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলেও উল্লেখ করে হাইকোর্ট। ২০১১ সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, রাজ্যের যে সব অস্থায়ী কর্মচারী চাকরিতে ১০ বছর পূর্ণ করবেন, তাঁদের বেতন বৃদ্ধি করা হবে। তবে ২০১০ সালের ১ এপ্রিলের পর থেকে চাকরিতে যোগদান করা কর্মীদের জন্য এই সুবিধা উপলব্ধ হবে না বলে জানায় রাজ্য।
