বদলে গেল নিয়ম

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে।

সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বা HRA নিয়ে বড় পরিবর্তন এনেছে রাজ্য। আপনিও যদি একজন রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ নিয়মাবলী জেনে নিন। যাতে বাড়িভাড়া ভাতা পেতে কোনও সমস্যা না হয়। প্রতি বছরই জানুয়ারি এবং জুলাই মাসে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বা HRA ডিক্লারেশন বাধ্যতামূলকভাবে জমা দিতে হয়।

পূর্বে এই প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ ম্যানুয়াল বা অফলাইন। কিন্তু বর্তমানে সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্য সরকার এই ব্যবস্থায় পরিবর্তন এনেছে। যা নিয়ে বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তর। নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে আর অফলাইন নয়, কর্মীরা বাড়িতে বসেই WBIFMS পোর্টালের মাধ্যমে অনলাইনেই এই ডিক্লারেশন জমা দিতে পারবেন।