বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের স্কুলে ফের নিয়োগের হাওয়া।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ২০২৫ সালের গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লার্ক, পিয়ন, ল্যাব অ্যাটেনডেন্ট ও নাইটগার্ড, এই পদগুলিতে মোট ৮,৪৭৭টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইনে হবে। SSC-এর বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, গ্রুপ সি বিভাগে মোট ২,৯৮৯টি ক্লার্ক পদ রয়েছে। এই পদের জন্য আবেদনকারীর অন্তত দশম শ্রেণী উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, গ্রুপ ডি বিভাগে ৫,৪৮৮টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এবং নাইটগার্ড পদ অন্তর্ভুক্ত। এই বিভাগে আবেদনকারীর অষ্টম শ্রেণী পাস হওয়া আবশ্যক।
