রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরপাল্লার ট্রেনে সফর করলে পছন্দমতো খাবার অর্ডার করলেই তা প্যান্ট্রিতে তৈরি করে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের সিট পর্যন্ত। কিন্তু এমন বহু ঘটনা ঘটেছে, যেখানে যাত্রীদের খাবারের অতিরিক্ত দাম নিয়ে অভিযোগ করতে দেখা গিয়েছে।
এমনকি অনেক সময় ১৫০ টাকা পর্যন্তও প্লেটের দাম বলে থাকেন বিক্রেতারা। ট্রেনে বিক্রি হওয়া খাবারের দায় IRCTC দ্বারা নির্ধারিত। IRCTC ওয়েবসাইট অনুসারে, স্টেশনে থালি কিনলে ১০ টাকা কম দিতে হবে। কিন্তু ওই একই থালির দাম ট্রেনে ১০ টাকা বেশি।
মেইল, এক্সপ্রেস, হামসফর, রাজধানী, শতাব্দী, দুরন্ত, গতিমান, বন্দে ভারত, তেজসের মতো ট্রেনের ক্ষেত্রে আলাদা আলাদা খাবারের রেট রয়েছে। তবে মেইল, এক্সপ্রেস এবং হামসফর ট্রেনের জন্য রয়েছে একই রেট এবং একই মেনু। এই ট্রেনগুলিতে চায়ের দাম স্টেশনে এবং ট্রেনে ৫ টাকা। টি ব্যাগের চা এবং কফির দাম ১০ টাকা। কেউ এই নির্ধারিত দামের বেশি চাইলে যাত্রীরা রেলওয়ে হেল্পলাইন ১৩৯-এ অভিযোগ জানাতে পারেন।
