বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বকেয়া ডিএ নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র একটা অংশ পেয়ে গেলেও গ্রান্ট ইন এড এই কর্মচারীরা বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি। যা নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছিল। এবার রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত অর্থাৎ গ্রান্ট-ইন-এড কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগ নিল রাজ্য অর্থ দফতর।
অর্থ দফতর সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি দফতরের অধীনস্থ কর্মী যারা বেতন ও অন্যান্য প্রশাসনিক পোর্টালে বিল সাবমিট করার দায়িত্বে থাকেন অর্থাৎ আইটি কর্মীদের নির্দিষ্ট পোর্টালে এই মুহূর্তে অন্য কোনও আর্থিক বকেয়ার বিল জমা না দেওয়া হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত দফতরকে তাদের নিজস্ব বেতন পোর্টালে বকেয়ার বিল প্রদানের জন্য আলাদা শাখা প্রস্তুত রাখতে হবে।
